Views Bangladesh Logo

গাইবান্ধায় ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। তার ৫ থেকে ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গত ১২ আগস্ট ঢাকা থেকে গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনে গার্ডের দায়িত্বে যোগ দেন হাবিবুর। বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য সদস্যদের নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে হাবিবুরকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ভবনের রডের সঙ্গে ঝুলতে দেখা যায়।

পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল জানান, দুপুরে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় হাবিবুরের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ওয়াশরুমে প্রবেশ করেন এবং স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ