বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই
এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বাগেরহাটের কচুয়া উপজেলায় । বুধবার (১৮ মার্চ) বিকেলে মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদিম শেখ (৩৩) কে গ্রেপ্তার করতে এসআই আনিছুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
অভিযান শেষে নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। হামলার সুযোগে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত কনস্টেবল রাজু খানকে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে