শাহজালাল মাজারে বাদ্য বাজিয়ে গিলাফ দেওয়া যাবে না, পুলিশ কমিশনারের নির্দেশনা
হযরত শাহজালালের (র.) ৭০৭তম ওরসে ঢোল-বাদ্য বাজিয়ে গিলাফ দেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (৪ মে) বিকেলে মাজার এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
এসএমপি কমিশনার বলেন, ‘ওরস উপলক্ষে মাজারে গিলাফ ছড়ানো হয়। সেই গিলাফ আসে নাইওরপুল পয়েন্ট থেকে। এ সময় ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় এবং ভক্তরা নেচে-গেয়ে গিলাফ নিয়ে আসেন। মাজারের ভেতরে গিয়ে শেষ হওয়ায় শৃঙ্খলা নষ্ট হয়। নাইওরপুল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে আসতে পারবেন, তবে মাজারের প্রধান প্রবেশপথের আগে নূর জাহান হোটেলের সামনে সব কার্যক্রম শেষ করে অল্পসংখ্যক লোক গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করুন। এটাই সুশৃঙ্খল পদ্ধতি এবং এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে।’
তিনি জানান, ওরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি ওরসের নামে মাজার এলাকায় ইসলামবিরোধী কার্যকলাপের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে ওরসে আসা ভক্তদের যানবাহন মাজার-সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে না রেখে এমসি কলেজ মাঠ ও শাহী ঈদগাহ এলাকায় রাখার আহ্বান জানান কমিশনার।
তিনি বলেন, এতে যানজটের ভোগান্তি থেকে নগরবাসী মুক্তি পাবেন এবং ভক্ত-আশেকানরা স্বাচ্ছন্দ্যে মাজারে যাতায়াত করতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে