Views Bangladesh Logo

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হন বিক্ষোভকারীরা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি এবং সব ধর্ষণ মামলার বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে স্লোগান দেন।

মিছিলটি শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে তিন পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

বিক্ষোভকারীরা এখনো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রয়েছেন। পুলিশও অবস্থান নিয়েছে।

ছাত্ররা জানিয়েছেন, ধস্তাধস্তিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিন আহমেদ আহত হয়েছেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আমরা দেশজুড়ে আইনশৃঙ্খলার অব্যাহত অবনতির দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশুর ধর্ষকসহ সব ধর্ষণ মামলার বিচার দাবি করছি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ