Views Bangladesh Logo

জুরাইনে পুলিশ-ব্যাটারিচালিত রিকশাচালক ধাওয়া-পাল্টা ধাওয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা ওই এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন। ফলে থেমে গেছে অন্তত দুটি ট্রেন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সব দোকানপাট বন্ধ রয়েছে।

অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ ও নকশিকাঁথা কমিউটার ট্রেন দুটি ঢাকা ছাড়তে পারেনি।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিনদিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের আদেশের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিক্ষোভ চলাকালে চালক এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষে নগরীতে স্থবিরতা দেখা দেয়। রিকশাচালকদের অবরোধে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

অটোরিকশা নিষিদ্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ