তাহেরীকে গ্রেপ্তারে অভিযান: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সমর্থকরা। এ ঘটনায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় তাহেরীর ছয়জন সমর্থককে আটক করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোশন আলী বলেন, ‘আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা রয়েছে। নাজিরাবাড়িতে তার অবস্থানের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় তিনি একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরে সেখান থেকে পালিয়ে যান। তার সমর্থকরা এ সময় পুলিশের ওপর হামলা চালায় এবং তিনটি গাড়ি ভাঙচুর করে।’
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় অনুমতি ছাড়া তাহেরীর একটি মাহফিল অনুষ্ঠিত হয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহফিল বন্ধ করতে বললে তার সমর্থকরা হামলা চালায়, এতে এক পুলিশ সদস্য আহত হন। মাহফিলে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় আখাউড়া থানায় তাহেরী ও ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মতামত দিন