লক্ষ্মীপুরে নারীদের ওপর হামলার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার
লক্ষ্মীপুরে একাধিক নারীকে চুল ধরে টেনে কিল-ঘুষি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত আফতাব উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি কয়েকজন নারীকে মারধর করছেন। এ সময় ভুক্তভোগী নারীরা চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই দিন বিকেলে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আফতাব উদ্দিন ভূঁইয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছিদ্দিক উল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন এবং সম্প্রতি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় পোস্টারও লাগিয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ এপ্রিল আফতাব কয়েকজন সহযোগীকে নিয়ে ইসমাইলের বাড়িতে হামলা চালান। এ সময় ইসমাইলের পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন এবং তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেন নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আফতাব উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত বিষয়টি তদন্তে নেয় এবং অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এদিকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, আফতাব উদ্দিন একসময় ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে নেই। পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, ভিডিওতে যে ঘটনা দেখা গেছে তা অত্যন্ত অনভিপ্রেত এবং এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে