চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবু তালহা (২৬), চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. আসিফ (২৫) এবং হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী আমান বাজার এলাকার সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।
পুলিশ জানায়, ব্যবসায়ী জসিম উদ্দিন সোমবার চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযুক্তরা আগের ২০ লাখ টাকার পরিবর্তে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড় দিঘিরপাড় এলাকায় মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মামলা হওয়ার পর বায়েজিদ থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন