Views Bangladesh Logo

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পুলিশের পুরস্কার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়ে শনিবার একটি জরুরি গণসচেতনতামূলক বার্তা জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর ওপর হামলার ঘটনার পর থেকেই তারা অপরাধীকে শনাক্ত করতে নিবিড়ভাবে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তির পরিচয়, অবস্থান বা এই ঘটনা সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-০৮৯৩০৫-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে পুলিশ নিশ্চিত করেছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঘটনার দিন সন্দেহভাজন ওই ব্যক্তি প্রায় সাড়ে চার ঘণ্টা যাবৎ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছিল এবং বারবার তার যাতায়াতের পথ পরিবর্তন করছিল।

সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশমাইল গেট দিয়ে জাবি ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এলাকা পার হয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ব্যাচেলর কোয়ার্টার মোড় হয়ে প্রান্তিক গেটে যায়। সেখান থেকে উইমেন্স ক্লাব ও কলতান বিদ্যানিকেতন হয়ে সে চৌরঙ্গীর দিকে অগ্রসর হয়।

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে তাকে পদ্মপুকুরের উত্তরের কাঁচা রাস্তায় ঢুকতে এবং ৭ টা ৪৩ মিনিটে বের হতে দেখা যায়। কিছু সময় পর সে আবারও সেখানে প্রবেশ করে। রাত ৮টা ৭ মিনিটে চৌরঙ্গী ও মেডিকেল সেন্টার এলাকা পার হয়ে শহীদ সালাম-বরকত হল মোড় ঘুরে সে পরিবহন চত্বরে ফিরে আসে।

প্রক্টর আরও জানান, রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে ওই ব্যক্তি এএফএম কামালউদ্দিন হল এবং শহীদ সালাম-বরকত হল মোড়সহ ঘটনাস্থলের সামনে গিয়ে আসা-যাওয়া করছিল। এরপর রাত ১০টা ২০ থেকে ১০টা ৫৪ মিনিটের মধ্যে সে চৌরঙ্গী, ছাত্রী হলের রাস্তা, শহীদ মিনার ও পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে আবারো পরিবহন চত্বর এলাকায় ফিরে যান। এ ছাড়া রাত ১০টা ৫৪ মিনিটে তাকে আবারও ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায় এবং ১১টা ১ মিনিটে সে সালাম-বরকত হলের দিকে ফিরে আসে।

তার মতে, সন্দেহভাজন ব্যক্তির এই শেষ দফার গতিবিধির ঠিক পরপরই রাত ১১টা ১৩ মিনিটে ওই ছাত্রীকে আটকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের বর্ধিত অংশের মধ্যবর্তী নির্জন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ছাত্রীকে জোরপূর্বক টেনে হিঁচড়ে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালায় বহিরাগত ওই ব্যাক্তি। এ ঘটনার পরদিন সকালে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ