Views Bangladesh Logo

রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি, আজ পয়লা ফাল্গুন

 VB  Desk

ভিবি ডেস্ক

শীতের রুক্ষতা মুছে প্রকৃতিতে বইছে ফাল্গুনী হাওয়া। আজ পয়লা ফাল্গুন—ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কবিতার পঙ্‌ক্তি, গানের সুর আর ফুলের রঙে প্রকৃতি ও প্রাণে জেগে উঠেছে নবজাগরণের উচ্ছ্বাস। “আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা—বসন্ত এসে গেছে”—এমনই মাধুর্যে ভরে উঠেছে চারদিক।

ফুল ফুটুক বা না ফুটুক, বসন্ত তার আগমনী বার্তা নিয়েই আসে। বন-বনান্তে, কাননে-কাননে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, জবা, আম্রমুকুল, কনকচাঁপা, নাগলিঙ্গমসহ নানা ফুলে রঙের কোলাহল শুরু হয়েছে। শীতের স্পর্শে বিবর্ণ প্রকৃতি দখিনা বাতাসে আড়মোড়া ভেঙে জেগে উঠছে নবজীবনের স্পন্দনে। কচি পাতায় আলোর নাচনের মতোই দোলা লাগে তরুণ হৃদয়ে।

তবে প্রকৃতিতে এখনো শীতের আমেজ পুরোপুরি কাটেনি। তবুও বাতাসে আছে এক অদ্ভুত শিহরণ—সোঁদা মাটি আর বহেড়া ফুলের গন্ধ মেশানো আবেশ। হালকা এলোমেলো, কবোষ্ণ হাওয়া যেন মনে করিয়ে দেয়—‘মনেতে ফাগুন এলো...’। বসন্তের এই আবহে প্রেম, আকুলতা আর নতুন করে ভালো লাগার অনুভূতি জেগে ওঠে।

বাংলা সাহিত্য-সংস্কৃতিতে বসন্তের স্থান অনন্য। প্রাচীন সাহিত্য থেকে আধুনিক কবিতায় বসন্ত বন্দনায় মুখর কবিকণ্ঠ। ঋতুরাজের আগমনে কোকিলের কুহুতান, পল্লবের মর্মর আর পুষ্পের সুবাস মিলেমিশে তৈরি করে অপার্থিব আবেশ। বসন্ত মানেই পূর্ণতা, নতুন প্রাণের কলরব, সৃষ্টি ও প্রণয়ের সময়।

বাঙালির জাতীয় ইতিহাসেও বসন্তের রয়েছে বিশেষ তাৎপর্য। ভাষা আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বহন করা একুশে ফেব্রুয়ারির প্রেরণা এই বসন্তেই। মুক্তিযুদ্ধের সূচনাও ঘটেছিল বসন্তের প্রাক্কালে। তাই বসন্ত কেবল প্রকৃতির ঋতু নয়, প্রেম ও বিদ্রোহেরও প্রতীক।

আজ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পয়লা ফাল্গুন উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালা। হলুদ-কমলা শাড়ি-পাঞ্জাবিতে সেজে মানুষ উদ্‌যাপন করবে বসন্তের আগমন। পাতার আড়ালে লুকানো কোকিলের কুহুতান আর ফুলেল সাজে রাঙা দিনটি হয়ে উঠবে আনন্দ, ভালোবাসা ও নতুন আশার উৎসব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ