‘বিংশ একবিংশ’ নিয়ে কবি সৌম্য সালেক বইমেলায়
চলতি শতকের দ্বিতীয় দশকের গুরুত্বপূর্ণ কবি সৌম্য সালেক। এর আগে প্রকাশিত হয়েছে তার পাঁচটি কাব্যগ্রন্থ। ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’, ‘পাতাঝরার অর্কেস্ট্রা’, ‘পার্কবেঞ্চের কবিতা’ তার আলোচিত কবিতাগ্রন্থ। কবিতা ছাড়াও তিনি ভ্রমণগদ্য ও প্রবন্ধ লেখেন। মিশর ঘুরে এসে লিখেছিলেন, ‘মোমের পুতুল মমির দেশে’। তার পূর্বপ্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘শব্দ চিত্র মত ও মতবাদ’। এবার ২০২৫ অমর একুশে বইমেলায় তিনি উপস্থিত হয়েছেন নতুন এক প্রবন্ধগ্রন্থ নিয়ে। বইয়ের নাম- ‘বিংশ একবিংশ’। এই প্রবন্ধ গ্রন্থটিতে তিনি আলোচনা করেছেন কবিতা, চিত্রকলা, সংগীত, নাটক, সাহিত্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে। বইটি প্রকাশ করেছে বুনন প্রকাশন। ১৪৪ পৃষ্ঠার বইটিতে আছে একুশটি প্রবন্ধ। অমর একুশে বইমেলায় বুননের ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বই সম্পর্কে সৌম্য সালেক বলেন, ‘কবিতা, চিত্রকলা কিংবা শিল্পের অবগাহনে হৃদয়ে যে স্ফূর্তি জেগেছে; তা সেই কবি ও শিল্পীর কাছে কিংবা শিল্পীপ্রেমীদের কাছে লোকে লোকে শুনিয়ে আসার অবকাশ নেই। তাই রচনার আঙ্গিকে উন্মুক্তভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছি। শিল্পবোধের সঞ্চার, চিত্তবৃত্তি, যুগ-বিশ্লেষণ কিংবা মানবতার কল্যাণের স্বার্থে এসব বক্তব্য যদি কালে কালে হাতেগোনা কয়েকজন হৃদয়বাদী মানুষকেও আকর্ষণ করে, তবে শ্রম সার্থক হয়েছে বলে তৃপ্তি পাব।’
‘বিংশ একবিংশ’ গ্রন্থের রচনার মধ্যে রয়েছে ‘মধুসূদনের আত্মবিলাপ’, ‘জীবনানন্দের জীবন মৃত্যুর দ্বৈরথ’, ‘নজরুলের বিদ্রোহী: বিশ্ববীক্ষার অনন্য পাঠ’, ‘কহলীল জিবরান ও হৃদয়ের আধিপত্য’, ‘আল মাহমুদের স্বর্ণলেখা’, ‘সুলতানের রম্য অভিনিবেশ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘উম্মে কুলসুম ও তার সহস্ররাত্রির গাথা’ এবং ‘বিংশ একবিংশ’ শীর্ষক রচনা। বইয়ের নাম ‘বিংশ একবিংশ’ রাখার কারণ হিসেবে লেখক জানিয়েছেন, মানবসভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দী অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিংশ শতাব্দী-জাত উদ্দাম অগ্রগতি একবিংশ শতাব্দীতে এসে কেবল স্বাভাবিক সচল নয়, বরং অশ্ববেগে ছুটছে। এ গতির ফলে মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছে; কিন্তু শান্তি কি এসেছে? না কি মানুষ আরও বিপণ্ন হয়েছে? বিজ্ঞান-প্রযুক্তি-বিশ্বায়নের চাপে মানুষের মুক্তির পথ কোন দিকে তা-ই লেখকের অনুসন্ধানের বিষয়। শিল্প-সাহিত্য-সংস্কৃতির পুনর্পাঠের আলোকে তাই তিনি আমাদের দেখাতে চেয়েছেন।
বইটির প্রচ্ছদ করেছেন কবি খালেদ চৌধুরী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। অনলাইন বুকশপেও বইটি পাওয়া যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে