Views Bangladesh Logo

কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৯তম প্রয়াণবার্ষিকী আজ ১৭ আগস্ট। সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে ২০০৬ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বাংলা সাহিত্যের নক্ষত্রমণ্ডলে তিনি ছিলেন এক উজ্জ্বল আলো, যিনি জীবনানন্দ-পরবর্তী কবিতার ধারা নতুন আঙ্গিকে সমৃদ্ধ করেছিলেন। তার কবিতায় মিশে আছে প্রেম, প্রকৃতি, মানবিকতা, প্রতিবাদ এবং মুক্তির স্বপ্ন।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্ম নেয়া শামসুর রাহমান ৭৭ বছরের বর্ণাঢ্য জীবনে লিখেছেন শতাধিক কাব্যগ্রন্থ। শৈশবেই কবিতা লেখার হাতেখড়ি, আর পরবর্তীকালে হয়ে উঠেছিলেন নগরজীবন ও সমকালীন চেতনার প্রধান কবি। তার কবিতায় ফুটে উঠেছে শহরের প্রেম-অপ্রেম, মানুষের সংকট, গণতন্ত্র ও মানবাধিকারের প্রত্যাশা। তার ‘নাগরিক কবি’ হিসেবেও খ্যাতি রয়েছে।

ষাটের দশক থেকে শুরু করে নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত শামসুর রাহমান ছিলেন সাহসী কণ্ঠস্বর। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর কবিতা স্বাধীনতার সংগ্রামে মানুষের অনুপ্রেরণা জুগিয়েছে। ‘স্বাধীনতা তুমি’ কবিতা আজও বাঙালির চেতনায় জাগ্রত করে মুক্তির গান।

রাজনৈতিক সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভীক। কলমকে তিনি দেখেছেন অস্ত্র হিসেবে, যা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।

২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিরবিদায় নেন। তবে তার কবিতা আজও বাঙালি জাতির অন্তরে বেঁচে আছে অনিঃশেষ প্রেরণা হয়ে।

আজ তার প্রয়াণদিনে জাতি স্মরণ করছে কবি শামসুর রাহমানকে গভীর শ্রদ্ধায়, যিনি ছিলেন সত্য, ন্যায়, স্বাধীনতা ও মানবিকতার কবি- জীবনানন্দোত্তর কবিতার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ