পুরস্কার গ্রহণ করবেন কি না, সংবাদ সম্মেলনে জানাবেন মোহন রায়হান
কবি মোহন রায়হানের ‘স্থগিত হওয়া’ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের বিষয়ে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি পুরস্কার গ্রহণ করবেন কি না, তা রোববার সংবাদ সম্মেলনে জানাবেন।
কদিন আগে বাংলা একাডেমি এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিল। সেখানে মোহন রায়হানকে কবিতার ক্ষেত্রে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।
মোহন রায়হান অভিযোগ করেন, ৪০ বছর আগে ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য তাকে পুরস্কার নিতে দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে সমালোচনার পর শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবার মোহন রায়হানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মোহন রায়হান গণমাধ্যমকে বলেন, পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি বিকেলে সিদ্ধান্ত নেব। আমি রোববার বেলা ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানাব, আমি পুরস্কার গ্রহণ করব কি না। এ বিষয়ে এখন কিছু বলব না।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, পুরস্কার প্রদানের পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পর তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার মন্ত্রণালয়ে এক জরুরি সভায় অভিযোগ পর্যালোচনা করা হয়।
অভিযোগ পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে