বাচসাস সম্মাননা পেলেন কবি দীপংকর দীপক
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সম্মাননা পেয়েছেন সাংবাদিক-সাহিত্যিক দীপংকর দীপক। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সংগঠনটির সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কমিটির সদস্যরা সম্মাননা স্মারক হিসেবে তাঁর হাতে একটি ক্রেস্ট ও একটি বিশেষ ম্যাগাজিন তুলে দেন।
অনুষ্ঠানে আরও সম্মাননা পান কবি শিহাব সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদার, কবি ও সাংবাদিক দুলাল খান, গীতিকার সাহাবুদ্দিন মজুমদারসহ ২২ জন গুণীজন।
দীপংকর দীপক ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি, যার মধ্যে উল্লেখযোগ্য—'নিষিদ্ধ যৌবন', 'ঈশ্বরের সঙ্গে লড়াই', 'বুনো কন্যা', 'প্রহেলিকা', 'কালচক্র', 'ছায়ামানব', 'হে বঙ্গ', 'রক্তফুল', 'দুর্ভিক্ষের শহরে' প্রভৃতি। তাঁর লেখায় প্রেম-প্রকৃতি, মানবজীবন, বৈষম্য, প্রতিবাদ ও সমকালীন বাস্তবতা গুরুত্ব পেয়েছে।
বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তরের বার্তা বিভাগে কর্মরত। এর আগে দৈনিক ইত্তেফাক, একুশে টেলিভিশন, কালের কণ্ঠ ও যায়যায়দিনে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি কবিতা আবৃত্তি ও গান লেখার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এর আগে দীপংকর দীপক 'বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা', 'বিশ্বভরা প্রাণ সম্মাননা', 'কান্দি যুবসংঘ সম্মাননা', 'ডিএসইসি লেখক সম্মাননা'সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।
মতামত দিন