বগুড়ায় তিন ইউনিয়নের নামকরণ বিতর্ক, অবশেষে চিঠি এলো প্রধানমন্ত্রীর
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে গঠন করা হয় মোকামতলা উপজেলা। পরবর্তীতে এ দুই উপজেলায় নতুন ইউনিয়ন গঠনে নামকরণ নিয়ে শুরু হয় নানা বিতর্ক। অবশেষে এ দুই উপজেলার নামকরণ নিয়ে বিতর্কিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করতে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে চিঠি আসে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করতে বলা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান ভিউজ বাংলাদেশকে বলেন, গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ফোনে মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত নামে দুটি ইউনিয়নের নাম পরিবর্তন করতে নির্দেশ দিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রীর চিঠিতে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা পেয়েছি। শিবগঞ্জ উপজেলার নবগঠিত ইউনিয়ন মীরবাড়ীর নামও পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুযায়ী নতুন নাম চূড়ান্ত হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
সম্প্রতি শিবগঞ্জ উপজেলা ভেঙে মোকামতলা নামে নতুন উপজেলা গঠনের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এ সংক্রান্ত প্রকাশিত সরকারি গেজেটে শিবগঞ্জ ও মোকামতলার ইউনিয়নগুলোর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে তিনটি ইউনিয়নের নাম নিয়ে শুরু হয় নানা বিতর্ক। যা সামাজিক মাধ্যম থেকে ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে।
এর আগে, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।
গত ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরই নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে সমালোচনা তীব্র আকার ধারণ করে।
শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় মীরবাড়ী ইউনিয়ন। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে দুটির নাম রাখা হয় সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন।
অভিযোগ উঠে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন মীরবাড়ীর নামে শিবগঞ্জের নতুন ইউনিয়নের নামকরণ করান। সেইসাথে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তর নামের সঙ্গে মিল রেখে মোকামতলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়।
তবে প্রতিমন্ত্রীর দুই ছেলে ও ইউনিয়নের নাম মিলে যাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, নামগুলো অলৌকিকভাবে তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিলে গেছে।
তার এই বক্তব্যের পরও ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সমালোচনা থামছিল না। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলোর নাম পরিবর্তন হতে যাচ্ছে।
মতামত দিন