Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধিই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত 'ওয়ার্কফোর্স টু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ: রিইমাজিনিং বাংলাদেশ-কেএসএ রিলেশনস' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেই এই সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে উন্নয়ন অংশীদারিত্বকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট সহযোগিতার ক্ষেত্রগুলোতে বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দেশের বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে।

তিনি অতীত স্মৃতি স্মরণ করে বলেন, জাপানে যখন জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তখন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সেখানে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে অংশ নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। সেই সফরের মধ্য দিয়ে তৎকালীন জাপানি সরকারের কাছে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে যে আস্থার জায়গা তৈরি হয়েছিল, তা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। এবারও খাতভিত্তিক সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সৌদি আরব সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। খুব শিগগিরই এই সফর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ ছাড়া সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সুবিধাজনক সময়ে ঢাকাকে তা জানানো হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও আপসহীন বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পবিত্র স্থান ও মসজিদগুলোর সুরক্ষায় যদি কোনো ধরনের সহযোগিতা বা সহায়তা চাওয়া হয়, তবে বাংলাদেশ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ড. মো. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোক্তার আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইআইএসসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ