Views Bangladesh Logo

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ব্যস্ত সড়কে ভিভিআইপি চলাচলের সময় সাধারণত অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে দেখা যায়। তবে এবার তার ব্যতিক্রম ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) সকালে কারওয়ানবাজার প্রান্তে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে তার গাড়িবহর নিয়ে এগোচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৯টার কিছু আগে বনানীর দিক থেকে এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর বহর। এ সময় সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স বহরের পেছনে আটকে পড়ে এবং সামনে যাওয়ার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বহর থামানোর নির্দেশ দেন। তার নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেন, যাতে জরুরি সেবার গাড়িটি দ্রুত গন্তব্যে যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল তাৎক্ষণিক ও মানবিক সিদ্ধান্তের প্রতিফলন। সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে থেমে থাকতে হয়। তবে এ ঘটনায় তার ব্যতিক্রম দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, একজন সরকার প্রধান হিসেবে অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগ জনসাধারণের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচয় বহন করে।

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সড়কে জরুরি সেবার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলেও মনে করছেন অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ