দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে দিল্লি গেলেও বিমানবন্দরে জটিলতার মুখে সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে কিছু সময় আটকে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইমিগ্রেশন প্রক্রিয়ায় হওয়া আচরণে অসন্তোষ প্রকাশ করে তিনি দেশটিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। এরপর অন্য একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার উদ্যোগ নেন।
সূত্র জানায়, জাহেদ উর রহমান রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন। তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ভারতের নজরদারি তালিকার সঙ্গে মিলিয়ে যাচাইয়ের জন্য আটকে রাখা হয় বলে জানা গেছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় থাকায় নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তাকে শনাক্ত করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই শেষে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সংবাদমাধ্যমটির দাবি, প্রশাসনিক ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিষয়টি শনাক্ত ও সমাধানের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ছাড়পত্র দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারত কয়েকজন বাংলাদেশি কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি ছিল, তাদের কিছু বক্তব্য দেশটির বিরুদ্ধে ছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, সেই তালিকায় জাহেদ উর রহমানের নামও ছিল।

মতামত দিন