কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তিনি কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে কাতারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে যোগদানের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস
মতামত দিন