Views Bangladesh Logo

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগের স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে বিদ্যমান আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সতর্কবার্তা দেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আগের সরকারের রেখে যাওয়া নানা সমস্যা ও সংকটকে কাজে লাগিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

আওয়ামী লীগের শাসনকালের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই সময়ে একটি রাজনৈতিক দল বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিল। এখন সেই ছদ্মবেশের আড়ালে স্বৈরাচারের লোকজন লুকিয়ে থেকে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, যারা বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে—দেশ পরিচালনার দায়িত্ব জনগণ এই সরকারের ওপর দিয়েছে। সরকার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ সমুন্নত রাখবে। তবে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সবাইকে নিজেদের সীমার মধ্যে থাকতে হবে।

দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি দুর্বল অর্থনীতি ও নাজুক জ্বালানি ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছে।

বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও শিল্পোদ্যোক্তাদের কাছে দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, শুধু নানা অজুহাত দেখিয়ে সরকার দায় এড়াতে চায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট তৈরি না হয়, সে জন্য সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ