প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে