হেঁটে একুশে পদকের অনুষ্ঠানে আসা–যাওয়া করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে মেয়ে জাইমা
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তিনি ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলের হাতে পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে ফেরেন এবং মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে আগমন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
বেলা পৌনে ১১টায় তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের মাধ্যমে ওসমানী মিলনায়তনে পৌঁছান।
অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
অনুষ্ঠানে শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সরকার। শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণিজনদের হাতে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
এবার চলচ্চিত্রে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ওয়ারফেজকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে