Views Bangladesh Logo

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের প্রতিটি পয়সা ব্যয়ের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বাংলাদেশে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশে দ্বিতীয় কাফকো স্থাপন এবং জাতীয় বন্দর কৌশল প্রণয়নের বিষয়ও আলোচনায় আসে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের বৃহত্তর স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে সরকারদলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

বৈঠকে দেশের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ