দেশ গঠনে নিয়োজিতদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যারা দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণকালে তিনি সামাজিক ও জাতীয় উন্নয়নে সম্মিলিত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমান বলেন, “সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত দেশের গঠনমূলক কাজে নিয়োজিতদের সমর্থন জোগানো।”
রাজপথে অনুষ্ঠানের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় দীর্ঘ বক্তব্য রাখা থেকে বিরত থাকেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকে আর কথা বাড়াবো না, কারণ আমরা রাস্তার উপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
এ সময় তারেক রহমান জানান, দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিগগিরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে বসবেন।
এর আগে সকালে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন দলীয় প্রধান। পরে তিনি দেশব্যাপী ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। টিঅ্যান্ডটি মাঠসহ রাজধানীর বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশ নেন।
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের পক্ষ থেকে সারা দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে