Views Bangladesh Logo

খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন, পেশাদার খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেছেন, খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, তারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের ক্রীড়াগত দক্ষতা ও প্রতিভার মাধ্যমে।

সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়রা তাদের যোগ্যতায় বিজয় অর্জন করে দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন। প্রতিটি বিজয়ের পেছনে থাকে প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষের কারণে বিজয় আরও মূল্যবান। খেলাধুলায় পরাজয় মানে হেরে যাওয়া নয়, এটি জয়ের অংশ। তিনি আলবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি টেনে বলেন, “যে মানুষ কখনো পরাজিত হয়নি, সে কখনো কিছুই করেনি।”

তিনি খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার, কোচ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর কেবল বিনোদন নয়, এটি একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার কাজ শুরু হয়েছে।

খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবার প্রথমবারের মতো তাদের বেতন কাঠামোর আওতায় আনছে এবং ক্রীড়াভাতা প্রদান শুরু করেছে। এতে খেলোয়াড়রা নিশ্চিন্তে তাদের পছন্দের খেলা পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।

সরকারের অন্যান্য উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা, খাল খনন কর্মসূচি এবং আগামী ১৪ এপ্রিল থেকে চালু হতে যাওয়া ‘ফার্মার্স কার্ড’-এর পাশাপাশি ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমও উল্লেখযোগ্য। শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরাও এর আওতায় আসবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশ-বিদেশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ক্রিকেট ও ফুটবল ছাড়াও আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ভারোত্তলন, উশু, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, ব্রিজ, ফুটসাল ও ব্যাডমিন্টনেও দেশকে সম্মান বয়ে আনা সম্ভব।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে চালু হওয়া বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ নতুনভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হচ্ছে। আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধা টিকবে না। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন—আপনারা দেশের প্রতিনিধি। দেশের হয়ে খেলুন, বিজয় অর্জন করুন এবং বিশ্ব ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ