Views Bangladesh Logo

বিচারের নামে জুলুম না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতিত মানুষের স্বপ্ন ছিল দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তাই বিচার প্রক্রিয়ার নামে যেন কারও প্রতি অন্যায় বা জুলুম না হয়, সে বিষয়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিচার করতে কিছুটা সময় লাগলেও সরকার ধৈর্যের সঙ্গে এগোবে, যাতে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় এসে সঠিক বিচার পায়। আমরা প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না। সব আইন অনুসরণ করেই বিচার সম্পন্ন করা হবে।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ঠিক কতজন নিহত হয়েছেন, তা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে। তবে আমার হিসাবে অন্তত দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। এছাড়া জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে ৬০ জন শিশু নিহত হয়েছে।

তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিগত সরকারের আমলে নির্যাতন, গুম, গ্রেপ্তার ও মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী দাবি করেন, বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ