শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।
প্রেস উইং জানায়, সফরকালে প্রধানমন্ত্রী একটি খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টার দিকে তিনি ত্রিশাল উপজেলার বালার ইউনিয়নে ধারার খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এরপর বিকেল ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় বিরতি নেয়ার পর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উত্তর, দক্ষিণ ও মহানগর ইউনিটের সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ত্রিশাল ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে