আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে আসছেন। মৌলভীবাজারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমঙ্গল ও রাজনগরের তিন শতাধিক পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি মৌলভীবাজারের একটি রিসোর্টে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সভায় মিলিত হবেন।
বুধবার সকাল সাড়ে ০৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টায় সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১৩টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।
দুপুর ১৪টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
বিকেল ১৫টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছু সময় বিশ্রামের পর বিকেল ১৬টা ৪৫ মিনিটে রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সড়কপথে সিলেটে এসে রাত ২০টা ৩০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মৌলভীবাজার যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন পয়েন্টে দলের নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানাবেন। দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও একইভাবে আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরকে তোরণ, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি মৌলভীবাজারে হলেও সিলেটেও তাঁকে স্বাগত জানাতে দল ও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত ২ মে তারেক রহমান প্রথমবারের মতো সিলেট সফরে এসেছিলেন। এটি তার দ্বিতীয় সিলেট সফর।
মতামত দিন