আজ চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী, থাকছে কক্সবাজার ও ফটিকছড়ির কর্মসূচিও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী পরিদর্শন করবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেবেন তিনি।
রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তার।
এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার কথা রয়েছে তার।
দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন তিনি। মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে রাতে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি। পরে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মতামত দিন