২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ২৭ এপ্রিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যশোর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আসন্ন বর্ষা ও সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়েও পরিকল্পনা করা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে সরকার প্রস্তুতি নিচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে সব এলাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব না হলেও এ বিষয়ে সরকারের আন্তরিকতা, আগ্রহ ও উদ্যোগ রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে