জুনের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার
দ্বিতীয় বিদেশ সফর হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষ দিকে চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না–সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার বলেন, সরকার গঠনের পর দ্বিতীয় বিদেশ সফরে প্রধানমন্ত্রী চীনকে বেছে নিয়েছেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেবে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে মালয়েশিয়ায়। আগামী ২১–২২ জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন। ওই সফরের পরপরই চীন সফরের সম্ভাবনার কথা উঠে এসেছে।
ডেপুটি স্পিকার আরও বলেন, ১৯৭৭ ও ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ভিত্তি শক্তিশালী হয়। পরে ১৯৯১ ও ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফর সম্পর্ককে আরও গভীর করে।
আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কার্যকর সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সার্ককে আরও সক্রিয় করার ওপরও জোর দেন তিনি।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন, ঋণের চাপ ও বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা এখন সময়ের দাবি।
ফোরামে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলেও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন।

মতামত দিন