Views Bangladesh Logo

রোববার চট্টগ্রামে প্রথম সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে নানা কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) একদিনের সফরে কক্সবাজারের মহেশখালী, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরের শুরুতে মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

পরে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে ফটিকছড়ির উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে দাবি-দাওয়া তুলে ধরতে পারেন হেফাজত নেতারা।

এরপর হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। একই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম নগরের একটি পাঁচ তারকা হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। এতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। সভায় চট্টগ্রামের সাংগঠনিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে। দিনের কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ