Views Bangladesh Logo

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন তিনি। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে বর্তমানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল দীর্ঘ প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। এ প্রসঙ্গে মন্ত্রী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে। এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা দূর হবে।

উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী জানান, এই মহাপরিকল্পনার প্রাথমিক ধাপগুলোর কাজ ইতিপূর্বেই শুরু হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন জরুরি কাজগুলো সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ