Views Bangladesh Logo

কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে—এমন প্রত্যাশায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।

সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহসহ দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নিরাপত্তা, যান চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বরিশালজুড়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল, প্রচার কার্যক্রম ও গণসংযোগ চলছে। দলীয় কার্যালয়গুলোতেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় রাজনৈতিক নেতাদের আশা, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা মিলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ