Views Bangladesh Logo

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর সেখানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রবীণ এই নেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার পানি পানের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সাথে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তার সাথে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার সার্বিক তদারকি করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ