পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী
দেশব্যাপী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বিভাগের তিন জেলায় পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর যাবেন। এরপর রাজশাহী হয়ে চট্টগ্রাম পৌঁছাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা এবারই প্রথম। সফরকালে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।
এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন তিনি। বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামে যাবেন সরকারপ্রধান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
মতামত দিন