Views Bangladesh Logo

সরকারি গাড়ি নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বুধবার এই তথ্য জানান।

রুমন বলেন, “প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজে ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। আজকের দিনের কর্মসূচিতে তিনি সাভার ও শেরে বাংলা নগরে নিজের টয়োটা গাড়িতে যান এবং সেখানে থেকে সচিবালয়ে এসেছেন।”

যানজট কমানোর জন্য প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা কমিয়ে চারটি করা হয়েছে, যেখানে আগে ১৩-১৪টি গাড়ি থাকত। শপথগ্রহণের পর প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি সফরের সময় গাড়িতে পতাকা থাকবে।

রুমন আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মন্ত্রীদের যাতায়াতজনিত সমস্যা ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়। এছাড়া, রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে পোশাকধারী পুলিশের অবস্থানের নিয়মও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সকালে তিনি গুলশানের বাসা থেকে সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই স্থানে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে গিয়ে তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ