Views Bangladesh Logo

সিটি করপোরেশনের ফলক উন্মোচন করতে ২০ এপ্রিল বগুড়া আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরেই তিনি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন।

তার এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের এই জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন। এরপর তিনি জজ কোর্টে গিয়ে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম ও আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। সেখান থেকেই তিনি বহুল কাঙ্ক্ষিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন। সেখানে তিনি পৈতৃক ভিটায় ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং কৃষি উন্নয়ন তথা জলবদ্ধতা নিরসনে খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের শেষ ভাগে বিকেল সাড়ে ৩টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (এমপি) জানান, প্রধানমন্ত্রী নিজেই তাকে ও নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ২০ এপ্রিলের সফরের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতির জন্মভিটা পরিদর্শন এবং সিটি করপোরেশনের ঘোষণা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’

উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ১.২৫ বর্গ মাইলের ক্ষুদ্র এই পৌরসভাটি দীর্ঘ সময় পর আজ বৃহৎ জনপদে পরিণত হয়েছে। ২০০৬ সালে এর আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কিলোমিটারে দাঁড়ায় এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ