Views Bangladesh Logo

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি উদ্যোগ।

তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করবেন।

মীর শাহে আলম জানান, চার বছর মেয়াদি এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, খাল খননের কাজে সাধারণ মানুষ ও শ্রমিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। যন্ত্রের ব্যবহার সীমিত রেখে শ্রমনির্ভর পদ্ধতিতে অধিকাংশ কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শ্রমিকদের মাধ্যমে করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কোথাও কোথাও স্বেচ্ছাসেবী সংগঠন এবং উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে সম্পৃক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, এটি সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার এবং একই সঙ্গে জনবান্ধব কর্মসূচি।

খাল খননের নামে অতীতে লুটপাটের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, এ কারণেই কর্মসূচিতে জনসম্পৃক্ততার ওপর জোর দেওয়া হচ্ছে এবং শ্রমিক দিয়ে কাজ করানোর কথা বলা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ