Views Bangladesh Logo

দুপুরে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে এ বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ বৃক্ষ, একটি বনজ বৃক্ষ এবং একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে অংশগ্রহণ করবেন প্রতিটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ