Views Bangladesh Logo

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের আরও ৫৩টি স্থানেও একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালা ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ