ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন শনিবার
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় বলা হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু ইমাম ও মুয়াজ্জিন নয়, দেশের অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদেরও এই সম্মানী কর্মসূচির আওতায় আনা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই দিনে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানী প্রদান কার্যক্রমের সূচনা করা হবে।
সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঘোষণার পর দেশের ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের মতে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও সেবকদের প্রতি সরকারের ইতিবাচক মনোভাবেরই প্রতিফলন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে