১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ তারিখ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। ওইদিন দিনাজপুর থেকে সারাদেশে এ কর্মসূচি উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইশতেহার ছিল আমরা সরকার গঠন করলে পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী ১৬ তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্যে দিয়ে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরই মধ্যে দিয়ে গণজাগরণ তৈরি করতে চাই।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন।
তিনি আরও বলেন, সারাদেশে খাল খননের পর ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম,এসপি জেদান আল মুসা, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে