Views Bangladesh Logo

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশ থেকে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য গত রোববার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি অনুমোদন পায়।

সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় পৌরসভাটি। পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে পরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল, কিন্তু নানা জটিলতায় তা আর হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলেও বার বার দাবি জানানো হলেও বিষয়টি বাস্তবায়ন হয়নি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়। গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান পৌরসভা পরিদর্শনে এসে জানিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু সেটিও সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ