Views Bangladesh Logo

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে চিকিৎসার জন্য বিভাগীয় শহর বা গ্রামাঞ্চলের মানুষকে ঢাকায় আসতে না হয়। তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে। প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন, পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে কার্যক্রম, পর্যাপ্ত স্যালাইন মজুদ, ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তার দাবি, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ভবিষ্যতে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ