১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে, প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া সদর আসনের উপনির্বাচন চলমান থাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত বলে জানিয়েছেন রেজাউল করিম বাদশা।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে জানান, ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করতে বগুড়ায় আসবেন।
উল্লেখ্য, ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে