আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক প্রদান করবেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। পদকপ্রাপ্তদের হাতে পদক, সম্মাননা সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেবেন সরকারপ্রধান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গবেষণাসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক বিশেষ মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে যোগ দেবেন বাঙালির অন্যতম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা-র উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। পরে মেলা প্রাঙ্গণ পরিদর্শন এবং লেখক-প্রকাশকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচি ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে