আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আরাফাতের ময়দানে এখন অনেকগুলো নিম গাছ রয়েছে, যেখানে ৫০ বছর আগে কোনো গাছই ছিল না। সম্ভবত ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালনে গিয়ে তৎকালীন সৌদি বাদশাহকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন এবং সে সময় দেশ থেকে প্রায় ১ লাখ নিম গাছের চারা পাঠান তিনি। এখন সেই গাছগুলোকে সৌদি আরবের মানুষ নিম গাছ না বলে ‘জিয়া ট্রি’ নামে ডাকেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে নিম গাছ রোপণ করে দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) গাছ রোপণের কথা বলে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, সবুজ রং নবীর প্রিয় ছিল এবং তিনি নিজেও অনেক গাছ লাগিয়েছেন। গাছ পরিবেশসহ বিভিন্নভাবে মানুষের জীবনে উপকার করে—এই কথা স্মরণ করিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যতদিন বাঁচবে, প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে। গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতো মনে হবে এবং গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে। তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে একটা অদ্ভুত একটা ভালোলাগা কাজ করবে।’
প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। দেশে গাছের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই পরিবেশ ঠান্ডা হবে এবং তা মানুষের বসবাসকেও আরামদায়ক করবে বলে মন্তব্য করেন তিনি।
ইতোমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেলেও যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল তা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো। এখন সেই বৃষ্টিটা হচ্ছে না। প্রয়োজন কিংবা অপ্রয়োজনেও গাছ কাটা পড়ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এ দেশেই আমাদের থাকতে হবে। আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে আমিও একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকব। এতে করে আমার মানসিক এবং শারীরিক ক্ষতি হবে।’
মতামত দিন