প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হলে সবকিছু ইতিবাচক হবে: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হলে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান সহজ হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হোক, ওয়ার্কিং গ্রুপ তাদের কাগজপত্র নিয়ে বসুক, সবকিছু ইতিবাচক হবে।’ দুই দেশের মধ্যে সমাধানের অযোগ্য কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এমন কোনও সমস্যা নেই যে যেটা সমাধান করা সম্ভব না, যাতে দুই দেশের পারস্পরিক সুবিধা হয়।’
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর এটিই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের প্রসঙ্গও আসে।
বৈঠকে ইতিবাচক অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘দিন শেষে বিষয়টি দুই দেশের মানুষের। দুই দেশের গণতন্ত্রের জন্য যা কিছু প্রয়োজন সেই স্বার্থ দেখা হবে।’
গঙ্গা চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে, আশা করি তাদের মেলামেশা হবে। এমন কোনও সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। দুই দেশের মানুষের স্বার্থে যা যা প্রয়োজন তা করা হবে।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হচ্ছে। চুক্তিটি নবায়ন বা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে দুই দেশের যৌথ কারিগরি কমিটি কাজ করছে। গত এপ্রিলে ভারত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানিবণ্টন চুক্তিটি হবে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা।
ভারতের বিজেপির প্রবীণ নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী গত জুনে ঢাকায় এসে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি গঙ্গার পানিবণ্টন চুক্তির পাশাপাশি ঝুলে থাকা তিস্তা চুক্তির প্রসঙ্গও তুলেছিলেন।
মতামত দিন