জাতিসংঘে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইনি বিষয়াদি দেখভালের জন্য লিগ্যাল অফিসার (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে জাইমাকে এই পদে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করা জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। এছাড়া ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে বাংলাদেশসহ ২৯টি দেশের ৪০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এই তালিকার দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতি।
সভাপতি খলিলুর রহমানের এই দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের নাগরিক ও জাতিসংঘের তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা জিবরিল দিয়ালু। আর উপপ্রধানের দায়িত্ব সামলাবেন বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
মতামত দিন